বিদেশ ও অভ্যন্তরীণ সফর মোদি ও তার মন্ত্রীদের ব্যয় ৩৯৩ কোটি রুপি

আপডেট : ১৩ মে ২০১৯, ১০:৩০ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মন্ত্রীরা গত পাঁচ বছরে বিদেশ ও অভ্যন্তরীণ সফরে রাষ্ট্রীয় কোষাগারের ৩৯৩ কোটি রুপি ব্যয় করেছেন। প্রধানমন্ত্রীর এই বিদেশ সফরের ব্যয় জানতে চেয়ে ভারতীয় তথ্য অধিকার আইনে (আরটিআই) অধিকারকর্মী অনিল গলগালির করা আবেদনের ভিত্তিতে এমন তথ্য উঠে আসে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

মুম্বাইয়ের বাসিন্দা অনিল গলগালি আরটিআই ফাইল করে জানতে চেয়েছিলেন, গত পাঁচ বছরের শাসনামলে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা ঘনঘন বিদেশ সফর করেছেন। এই সফরকে কেন্দ্র গত পাঁচ বছরে রাষ্ট্রীয় কোষাগারের কত টাকা খরচ হয়েছে? এমন আবেদনের সম্প্রতি জবাব দিয়েছে সরকারপক্ষ।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর বিদেশ সফরে খরচ হয়েছে ২৬৩ কোটি রুপি। অন্যদিকে তাদের দেশের অভ্যন্তরীণ সফরে ব্যয় হয়েছে ৪৮ কোটি রুপি। প্রতিমন্ত্রীদের ক্ষেত্রে দেশ ও বিদেশ সফরে সে খরচ যথাক্রমে ৫৩ ও ২৯ কোটি। অনিলের আরটিআইয়ের জবাবে ক্যাবিনেট অ্যাফেয়ার্সের পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিসের সিনিয়র আধিকারিক সতিশ গোয়েল জানিয়েছেন, ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের দেশ-বিদেশ সফরে ব্যয় হয়েছে মোট ৩৯৩.৫৮ কোটি রুপি। সবচেয়ে বেশি খরচ হয় ২০১৪-১৫ সালে। তখন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা শুধু বিদেশ সফরেই ব্যয় করেন ৮৮ কোটি রুপি।

এ বিষয়ে গলগালি বিজনেস ইনসাইডারকে বলেন, ‘ভ্রমণ ব্যয়ের এই তথ্য পুরো চিত্র প্রকাশ করে না। এতে স্বচ্ছতার যথেষ্ট অভাব রয়েছে। সরকারের উচিত আলাদা করে সব মন্ত্রীর ব্যয়ের তালিকা তৈরি করা। তারা বছরে কতবার সফরে গেছেন এবং কী পরিমাণ অর্থ ব্যয় করেছেন তা জনগণের জানা জরুরি।’

গলগালি এর আগেও এই ব্যয় জানতে চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু তখন প্রধানমন্ত্রী দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রধানমন্ত্রীর অভ্যন্তরীণ সফরের ব্যয়ের কোনো হিসাব রাখে না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত