আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ মালয়েশিয়ার

আপডেট : ১৩ মে ২০১৯, ১০:৩২ পিএম

মালয়েশিয়ায় অমুসলিমদের বিভিন্ন উপাসনালয়ে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসীদের বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির পুলিশ। গতকাল সোমবার পরিকল্পনাকারী চার সন্দেহভাজনকে বিস্ফোরকসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত সপ্তাহে কুয়ালালামপুর এবং তেরেঙ্গানু রাজ্যে পুলিশি অভিযানে এক রোহিঙ্গা মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই সোমবার ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়া পুলিশের মতে, গ্রেপ্তার হওয়া ওই রোহিঙ্গাই হামলা পরিকল্পনার মূল হোতা।

মালয়েশিয়ার পুলিশপ্রধান আবদুল হামিদ বদর বলেন, ‘পরিকল্পনাকারীরা মালয়েশিয়ার শীর্ষস্থানীয় ব্যক্তি এবং হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপর হামলার পরিকল্পনা করেছিল।’ চারজনকে গ্রেপ্তারের সময় ছয়টি বিস্ফোরক যন্ত্র, একটি পিস্তল এবং ১৫টি গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত এক রোহিঙ্গা মুসলিম নিজেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সমর্থক দাবি করেছে। কুয়ালালামপুরে মিয়ানমারের দূতাবাসে হামলারও পরিকল্পনা করা হয়েছিল বলেও জানায় ওই রোহিঙ্গা। তবে পুলিশ আইএস সংশ্লিষ্ট আরও তিন সদস্যের সন্ধানে আছে। মালয়েশিয়াতে সাম্প্রতিক বছরগুলোতে বড় কোনো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত