এক বছর মেয়াদি ভিসা রয়েছে এমন ব্যবসায়ীদের পাঁচ বছর মেয়াদে ভিসা প্রদানের আশ^াস দিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি। গতকাল সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর, বিজিবি, বিএসএফ চেকপোস্ট, ইমিগ্রেশন, কাস্টমস পরিদর্শনকালে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ আশ্বাস দেন।
সঞ্জিব কুমার ভাটি বলেন, সেক্ষেত্রে ব্যবসায়ীদের সকল প্রক্রিয়া মেনে প্রয়োজনীয় সঠিক কাগজপত্র দিতে হবে। এছাড়াও হিলিতে ইন্ট্রিগেটেড চেকপোস্ট চালু করছে ভারত। এতে মানুষ আরও সহজে দুদেশে যাতায়াত করতে পারবে। এছাড়া হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের জন্য রংপুর ভিসা সেন্টারের পরিবর্তে রাজশাহীতে ভিসা আবেদনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এ সময় ভিসার জন্য কোনো এজেন্ট বা দালালের সাহায্য না নেওয়ার আহ্বান জানান তিনি। সঞ্জিব কুমার ভাটি সাংবাদিকদের বলেন, ‘হিলি ইমিগ্রেশন চেকপোস্ট, বিজিবি ও বিএসএফ চেকপোস্টে সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা করছি। কিছু সমস্যা রয়েছে। আবার অনেকে বলছেন, এখানে বর্তমান সুযোগ সুবিধাগুলো যথেষ্ট নয়। এ কারণে সরেজমিনে আমি এসব পরিদর্শন করলাম। আসলেই কিছু সমস্যা পরিলক্ষিত হয়েছে। সেগুলো সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমদানিকারক, রপ্তানিকারক, কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তাদের কার্যক্রম ও সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। ব্যবসায়ীরা ভারতীয় বন্দরের অবকাঠামোগত ও ভিসার সমস্যার কথা জানিয়েছেন। সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’
এর আগে তিনি সোমবার রাজশাহী থেকে হিলি স্থলবন্দর পরিদর্শনে এলে বন্দরের পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী ও জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন তাকে শুভেচ্ছা জানান। পরে তিনি বন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা পরিদর্শনে যান। এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি সীমান্তে বিজিবি বিএসএফ, ভারত ও বাংলাদেশের কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রম পরিদর্শন করেন। পরে দুপুরে তিনি হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম, হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।
