অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়–য়া এ তথ্য জানিয়েছেন। গতকাল সোমবার তিনি রাজধানীর আসগর আলী হাসপাতালে এ অভিনেতার মেয়ে কোয়েল আহমেদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, সংগীতশিল্পী রফিকুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিপ্লব বড়–য়া দেশ রূপান্তরকে বলেন, ‘এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ব্যয়ভার প্রধানমন্ত্রী নিয়েছেন। তার পক্ষ থেকে আমি আজ (গতকাল) ১০ লাখ টাকার চেক স্বজনদের দিয়েছি।’ এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল দেশ রূপান্তরকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের পরিবার কৃতজ্ঞ। তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমার বাবার চিকিৎসার সব ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে আমরা উন্নত চিকিৎসার জন্য সব ব্যবস্থা নেব।’ গত ২৬ এপ্রিল শ্বাসকষ্ট, পেটফাঁপা ও বমির সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয় এটিএম শামসুজ্জামানকে।
