লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রসুলপুর বেড়িবাজারে গত রবিবার বিকেলে লামচর ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহফুজ পাটোয়ারী দলীয় সমর্থকের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। এ ব্যাপারে গতকাল সোমবার মামলা হয়েছে থানায়।
আহত মাহফুজ পাটোয়ারী জানান, রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খাঁন গত রবিবার স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দুস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন। তিনি উদ্বোধন শেষে মঞ্চ থেকে নেমে যাওয়ার পর ইফতার বণ্টনকে কেন্দ্র করে দাসপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সমর্থক আনোয়ারের সঙ্গে লামচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহফুজ পাটোয়ারীর প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বেড়িবাজার এলাকায় মাহফুজ পাটওয়ারীর পেটে কে বা কারা ছুরিকাঘাত করলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে।
