প্রসূতির মৃত্যু ক্লিনিকে হামলা ভাঙচুর তালা

আপডেট : ১৪ মে ২০১৯, ০১:০২ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার মুক্তি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ওই গৃহবধূর নাম সালমা খাতুন (৩০)। তিনি দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নজর আলীর স্ত্রী। তার মৃত্যুর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ক্লিনিকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে ক্লিনিকে ঝুলিয়ে দেওয়া হয় তালা।

নিহত গৃহবধূর স্বামী নজর আলী বলেন, গত রবিবার বিকেলে মুক্তি ক্লিনিকের চিকিৎসক সেলিমা আক্তার শিমু আমার স্ত্রীর অস্ত্রোপচার করেন। কিন্তু ক্লিনিক কর্র্তৃপক্ষ তড়িঘড়ি করে স্ত্রীকে রাত দেড়টার দিকে কুষ্টিয়া আড়াইশ বেড হাসপাতালে রেফার্ড করেন। সেখানে গতকাল সোমবার বেলা ১১টার দিকে মারা যায় সালমা।

দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, গৃহবধূর মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে দুপুরে বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী ও নিহতের স্বজনরা। তারা সংঘবদ্ধ হয়ে হামলা চালায় মুক্তি ক্লিনিকে।

দর্শনার পৌর মেয়র মতিয়ার রহমান জানান, ভুল চিকিৎসার অভিযোগে গৃহবধূর স্বজনরা বিক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে।

এ ব্যাপারে কথা বলতে মুক্তি ক্লিনিকের ডা. সেলিমা আক্তার শিমুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত