দেশে ‘স্বৈরতন্ত্রের আলামত’ দেখা গেলেও তা স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর নাগরিক শোকসভায় নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে তিনি এ মন্তব্য করেন।
ড. কামাল বলেন, ‘গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে বাংলাদেশে স্বৈরতন্ত্রের কোনো জায়গা নেই। যারা মনে করে অস্ত্র দিয়ে কিংবা বিভিন্ন রকমের প্রভাব খাটিয়ে স্বৈরতন্ত্র চিরস্থায়ী করা যাবে তারা আহাম্মকের স্বর্গে বাস করেন।’ নিরাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন আমরা গণতন্ত্রের কথা বলি, অথচ স্বৈরতন্ত্রের আলামতগুলো চারদিকে লেগে আছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। স্বৈরতন্ত্র অনেকবার চেষ্টা করেছে গণতন্ত্রকে ধ্বংস করতে। কিন্তু কেউ পারেনি, পারবে না।’
সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মাহফুজ উল্লাহ এক সময় বিএনপির সমালোচনা করেছিলেন। তিনি সত্যকে সত্য বলতেন। ছাত্রজীবন থেকে রাজনীতি-সচেতন ছিলেন।’ তিনি আরও বলেন, ‘যে দেশে গণতন্ত্র নেই, সে দেশে মুক্তবুদ্ধি চর্চা ও লেখা কঠিন। কিন্তু মাহফুজ উল্লাহ তা পেরেছেন। হুমকি-ধমকির মুখেও তিনি লিখে গেছেন।’
