কারাবন্দীদের জন্য সিলিং ফ্যান, এলইডি টিভি প্রদান চসিকের

আপডেট : ১৪ মে ২০১৯, ০৮:৪৬ পিএম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে বেশি কারাবন্দী থাকায় উদ্বেগ প্রকাশ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘কারাগারকে বন্দীরা সংশোধনাগার হিসেবে মনে করতে পারেন। সংশোধনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ রয়েছে। সরকারও চায় কারাবন্দীরা স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এ জন্য সরকার তাদের জন্য সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ নিয়েছে’।

মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জীবনমান উন্নয়নে কারাবন্দী পুরুষ, মহিলা ও শিশুদের জন্য ৫০০ টি সিলিং ফ্যান এবং ৫০ টি এলইডি টেলিভিশন প্রদানকালে তিনি এসব কথা বলেন।

কারাবন্দীদের জেল কোড যথাযথ অনুসরণ করার আহ্বান জানিয়ে আ জ ম নাছির উদ্দিন বলেন, কারাগার শুধু শাস্তির জায়গা নয়,সংশোধনের জায়গাও। বর্তমান সরকার এই কারাগারকে সংশোধনাগার হিসেবে রূপান্তরে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের মধ্যে রয়েছে যারা দীর্ঘদিনের জন্য বন্দী থাকবেন- তাদের রোজগারের ব্যবস্থা, মানবিক জীবনযাপনের ব্যবস্থা ইত্যাদি। কারাগার থেকে বের হয়ে তারা পরিবারের বোঝা না হয়ে কর্মক্ষম ও উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে সমাজে পুনর্বাসিত হবেন। পরে সিটি মেয়র কারাবন্দীদের হাতে এসব বিদ্যুৎ সামগ্রী তুলে দেন। 

এ সময় চসিকের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জেলার নাছির আহমেদ, সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন, বেসরকারি কারা পরিদর্শক মোহাম্মদ আবদুল হান্নান, মোহাম্মদ আবদুল মান্নান, শেখ ফোরকানুল হক চৌধুরী, চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলুন কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত