প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট : ১৫ মে ২০১৯, ০২:১৫ পিএম

কুষ্টিয়া মডেল থানার একটি হত্যা মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- মেহেরপুর গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে সোহেল রানা (৩৫)।

আদালত সূত্রে জানায়, ২০১৭ সালের ১৮ জুলাই রাত সাড়ে ৯টায় কুষ্টিয়া কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আসামি সোহেল রানা ও তার প্রেমিকা শহরের পি ডব্লিউ-১ কোয়ার্টারে ভাড়াটিয়া বাসিন্দা ক্লিনিক কর্মী শিউলী খাতুনের সঙ্গে পূর্ব থেকে চলে আসা প্রেমের সম্পর্ক নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় শিউলী খাতুন প্রেমিক সোহেল রানার সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় ক্ষুব্ধ সোহেল রানা গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে শিউলীকে হত্যা শেষে লাশ ফেলে যায়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. শিমুল হোসেন বাদী হয়ে অজ্ঞাত যুবকের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৮ অক্টোবর আসামি সোহেল রানার বিরুদ্ধে দ. বি. ৩০২ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মডেল থানার পরিদর্শক সঞ্জয় কুমার কুন্ডু।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী জানান, কুষ্টিয়া মডেল থানায় ক্লিনিক কর্মী শিউলী খাতুন হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার আসামি সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ গঠন ও সাক্ষ্য শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণ হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাবাসের আদেশ দিয়েছেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত