টাঙ্গাইল কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের আব্দুল মালেকের ধান কাটা শুরু হয়েছে। শ্রমিকের মূল্য বৃদ্ধি ও ধানের দাম কম হওয়ায় আব্দুল মালেক প্রতীকী প্রতিবাদ হিসেবে তার ধান খেতে আগুন দেন। তবে তার দেয়া আগুনে ধান না পুড়লেও দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হয়।
বুধবার দুপুরে জেলার বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা আব্দুল মালেকের খেতের ধান কেটে দেন।
শিক্ষার্থীরা বলেন, কৃষক আব্দুল মালেকের খেতের ধান কেটে সহযোগিতা করতে এসেছিলেন তারা।
টাঙ্গাইলের কাগমারি এম এম আলী কলেজের ছাত্র সুজন, লায়ন নজরুল ইসলাম কলেজের সিয়াম আর করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয়ের ছাত্র লাবু মিয়া জানান, তারা টেলিভিশন আর পত্রিকায় খবর দেখে কৃষক মালেকের কষ্টকে ভাগাভাগি করে নিতে তার খেতের পাকা ধান কাটতে এসেছে।
আর আব্দুল মালেক তার ভাষায় বলেন, ‘কামলা না পাইয়া আর ধানের দাম কম দেইকা প্রতিবাদ করছি ঠিক, কিন্তু এই বিষয়টা নিয়া যে এত কিছু হব আমি তা বুঝি নাই’।
তিনি তার ভাষায় আরো বলেন কলেজ, ‘ছাত্ররা যে আমার খেতের ধান কাইটা দিব এইটা আমার ধারনার বাইরে, তাই ছাত্রগো জন্যে আমার দোয়া রইল’।
