চট্টগ্রামে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

আপডেট : ১৬ মে ২০১৯, ১২:১৫ এএম

নগরীতে অস্ত্র-গুলিসহ তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় একে খান মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান জানান। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আবদুর রাজ্জাক (৪৮), মো. ইসহাক (৩২) ও মো. আবু তাহের (৪০)। র‌্যাব বলছে, গ্রেপ্তার তিনজন অস্ত্র ব্যবসায়ী।

মাশকুর রহমান বলেন, ‘একে খান এলাকার শ্যামলী বাস কাউন্টারের সামনের সড়কে অস্ত্র ক্রয়-বিক্রয় করতে কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছেÑ এমন সংবাদ পেয়ে র‌্যাব-৭ অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে গ্রেপ্তার করা হয়।’ তিনি জানান, গ্রেপ্তার তিনজনের দেহ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।

গ্রেপ্তার ইসহাক ও আবদুর রাজ্জাকের বাড়ি যশোর কোতোয়ালি থানার নূরপুর গ্রামে। আবু তাহের চট্টগ্রামের চন্দনাইশের পূর্ব জোয়ারার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তারকৃতদের আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মাশকুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত