মসজিদ থেকে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ মে ২০১৯, ০৩:০৫ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে তারাবির নামাজ পড়তে যাওয়া এক কলেজছাত্রকে মসজিদ থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে চৌমুহনী পৌরসভার আলীপুরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত মো. যোবায়ের (১৮) চৌমুহনী এসএ কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং আলীপুরের মোজাম্মেল হক খোকনের ছেলে।

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই নিজেদের ছাত্রলীগ নেতাকর্মী বলে দাবি করেছে।

পরিবারের সদস্য ও এলাকাবাসীর বরাত দিয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম দেশ রূপান্তরকে জানান, মঙ্গলবার সন্ধ্যার পর অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের পাশের মসজিদে তারাবির নামাজ পড়তে যায় যোবায়ের। মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে কয়েকজন যুবক তাকে সেখান থেকে ডেকে পাশের সরকারি কর্মচারীদের আবাসিক এলাকায় নিয়ে যায়। পরে ওই যুবকরা যোবায়েরকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশ কর্মকর্তা নুরে আলম গতকাল বুধবার বলেন, ‘ঘটনার পরপরই অভিযান চালিয়ে যোবায়ের হত্যায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। থানাহাজতে থাকা এ চারজনই নিজেদের ছাত্রলীগ নেতাকর্মী বলে দাবি করেছে।’

নিহতের বাবা মোজাম্মেল হক খোকন বলেন, ‘আলীপুর এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে। এরা প্রকাশ্যে মাদক সেবনসহ চাঁদাবাজি, ছিনতাই ও ইভটিজিং করে বেড়ায়। কিছুদিন ধরে এই গ্রুপটি আমার ছেলের কাছে মোবাইল কেনার জন্য টাকা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় তারা আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে।’

এদিকে যোবায়ের হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে চৌমুহনী এসএ কলেজের শিক্ষার্থীরা গতকাল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত