বিশ্বের অন্যতম বৃহৎ মোটরগাড়ি নির্মাতা কোম্পানি মিৎসুবিশি মোটরস বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এজন্য জাপানি কোম্পানিটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছেন। সফরকালে বাংলাদেশের বিনিয়োগ সংশ্লিষ্ট দপ্তরগুলোর উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশে মোটরগাড়ি শিল্প স্থাপনের আগ্রহের কথা জানিয়েছেন মিৎসুবিশির কর্মকর্তারা। তারা চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরও পরিদর্শন করেছেন।
এছাড়া, বাংলাদেশে অবকাঠামো খাতে বিনিয়োগ করতে চেয়েছে ইউনান-ভিত্তিক চীনা কোম্পানি ইউনান বোসান হেন্জি ইন্ডাস্ট্রি গ্রুপ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সঙ্গে বৈঠকে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন সফররত গ্রুপটির চেয়ারম্যান ডুয়ান ঝিকুইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
বিডার কর্মকর্তারা জানান, মিৎসুবিশির ভাইস প্রেসিডেন্ট এবং দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভাগীয় মহাব্যবস্থাপক রিওজিরো কোবাশি’র নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ১৪ মে থেকে ১৭ মে বাংলাদেশ সফর করছে। প্রতিনিধিদলে আরও রয়েছেন মিৎসুবিশির উৎপাদন প্রকৌশল বিভাগের মহাব্যবস্থাপক জুনিচি সাবানি এবং ইয়াসুহিকো উয়েদা, সহকারী মহাব্যবস্থাপক। বিনিয়োগের আগ্রহ নিয়ে গত ১৫ মে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন তারা। এছাড়া সীতাকুণ্ডে অবস্থিত প্রগতি ইন্ডাস্ট্রিজের কারখানায়ও যান তারা, যেখানে মিৎসুবিশির পাজেরো স্পোর্ট গাড়ি সংযোজন করে বাংলাদেশ।
কোবাশি বলেন, মিৎসুবিশি মোটরস বাংলাদেশের শিল্পায়নে সাহায্য করতে চায় এবং মোটরগাড়ি শিল্প স্থাপনে আগ্রহী। বাংলাদেশের অবকাঠামোগত এবং অর্থনৈতিক উন্নয়ন আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অন্যান্য বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রধানদের সঙ্গে আলোচনা করতেই এবার বাংলাদেশ ভ্রমণ করছি।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতির দ্রুত বিকাশ ও মাথাপিছু আয়ের দ্রুত বৃদ্ধির ফলে আগামী বছরগুলোতে গাড়ির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। বৃহৎ এই বাজারে প্রবেশ করার জন্য তিনি মিৎসুবিশির কর্মকর্তাদের আহ্বান জানান। তিনি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে মিৎসুবিশি মোটরসকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মিৎসুবিশির প্রতিনিধিদলটি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এদিকে, বাংলাদেশে লজিস্টিক খাতে বিনিয়োগ করতে চায় ইউনান-ভিত্তিক চীনা কোম্পানি ইউনান বোসান হেন্জি ইন্ডাস্ট্রি গ্রুপ। গতকাল বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সঙ্গে বিডা কার্যালয়ে হেন্জি ইন্ডাস্ট্রি গ্রুপের চেয়ারম্যান ডুয়ান ঝিকুইয়ের নেতৃত্বে তার কোম্পানির প্রতিনিধিদল সাক্ষাৎকালে এই আশাবাদ ব্যক্ত করেছেন।
১৯৯৯ সালে স্থাপিত হওয়া প্রতিষ্ঠান আটটি আলাদা ক্ষেত্রে আন্তর্জাতিক বিনিয়োগ করে থাকে যথা মাইনিং, রিয়েল এস্টেট, জলবিদ্যুৎ, ফিন্যান্স ও ব্যাংকিং, লজিস্টিকস, পরিবেশবান্ধব কৃষি, স্বাস্থ্যসেবা ও স্মার্ট সিটি। গ্রুপটির বার্ষিক আয় ৩০ বিলিয়ন রেনমিনবি (ইউয়ান)।
কাজী আমিনুল ইসলাম বাংলাদেশে প্রথমবারের মতো আসা এই চীনা প্রতিষ্ঠানটির প্রশংসা করে বলেন, বাংলাদেশের অর্থনীতির দ্রুত বিকাশের ফলে লজিস্টিক খাতে বিনিয়োগ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বিনিয়োগের বিভিন্ন নিয়ামক- সড়ক যোগাযোগ ও পরিবহন, বিদ্যুৎ, জ্বালানি, প্রভৃতি খাতের দ্রুত উন্নয়নের ফলে বাংলাদেশে এখন বিনিয়োগের অত্যন্ত সুবিধাজনক পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশের সরকার বিনিয়োগবান্ধব, শ্রমিক সহজলভ্য এবং অর্থনীতি স্থিতিশীল। বাংলাদেশে শিল্পকারখানা স্থাপনের জন্য জমি লিজ ও ভাড়ার হার প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম। তাছাড়া রপ্তানিমুখী শিল্পের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন হারে কর মওকুফ করেছে।
ডুয়ান ঝিকুই প্রাথমিকভাবে লজিস্টিক খাতে বিনিয়োগের জন্য কমপক্ষে ৫০ একর জমির প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেন। বাংলাদেশে ভবিষ্যতে স্মার্ট সিটি করার জন্য আরও অধিক পরিমাণ জমির প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। বিডার নির্বাহী চেয়ারম্যান জমির জোগান নিশ্চিত করাসহ সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
