ভৈরবে আন্তঃজেলা ১০ নৌ-ডাকাত গ্রেপ্তার

আপডেট : ১৭ মে ২০১৯, ১২:৩৮ পিএম

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদী থেকে ট্রলার ভর্তি ১০টি গরু ও দেশীয় অস্ত্রসহ ১০ আন্তঃজেলা নৌ-ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে গরু চুরি ও নৌ-ডাকাতি সংঘটিত করে আসছিল বলে জানায় ভৈরব নৌ-থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরে হমলা চালিয়ে ১০টি লুটের গরু ট্রলারে করে নিয়ে আসে ডাকাতদলটি। এসময় বাধা দিলে দুই কৃষককে মারধর করে গুরুতর আহত করে ডাকাতেরা।

পরে ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে ভৈরব থানার নৌ-পুলিশের একটি টিম উপজেলার আগানগর ইউনিয়নের ডিকচর এলাকায় ডাকাতদলটিকে ট্রলারসহ আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্রও উদ্ধার করে পুলিশ।

আটককৃত ডাকাতদলের সদস্যরা হলেন- ভৈরবের বিল্লাল মিয়া, শান্ত আহমেদ ও বিপুল মিয়া। কিশোরগঞ্জের মিঠামইনের হৃদয় হোসেন, ইলিয়াস মিয়া, অষ্টগ্রামের খোকন মিয়া এবং ইটনার আনোয়ার হোসেন। হবিগঞ্জের আজমেরিগঞ্জের জামাল উদ্দিন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বরকতউল্লাহ, নাসিরনগরের সাত্তার মিয়া।

ভৈরব নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুর রহমান জানান, এই আন্তঃজেলা নৌ-ডাকাত দলটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গরু চুরিসহ নৌপথে ডাকাতি করে আসছিল। স্থানীয় একটি প্রভাবশালী মহলের সঙ্গে তাদের আঁতাত থাকায় পুলিশ চেষ্টা চালিয়েও গ্রেপ্তার করতে পারছিল না। আজ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত