দিনাজপুরের খানসামা উপজেলায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে দুই বখাটেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর ২টার দিকে দুই বখাটেকে কারাগারে প্রেরণ করা হয়।
উত্ত্যক্তের শিকার হওয়া এক ছাত্রী জানায়, শনিবার দুপুরে জেলার খানসামা উপজেলার হোসেনপুর গ্রামের বাহাদুর বাজার এলাকায় ওই ছাত্রীদের উত্ত্যক্ত করে দুই বখাটে।
এ সময় ছাত্রীরা ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মোবাইল ফোনে কল করে বিষয়টি জানায়। ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজ সরকার তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মো. আহমেদ মাহবুব-উল ইসলামকে ঘটনাটি বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালতে তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত দুই বখাটেরা হলো, ঢাকা জেলার সাভার এলাকার সলিম উদ্দিনের পুত্র মো. সজল ইসলাম (১৯) ও একই এলাকার লুৎফর রহমানের ছেলে মো. রনি ইসলাম (১৮)। সজল ইসলাম ট্রাকের চালক ও রনি ইসলাম একই ট্রাকের হেলপার বলে জানা যায়।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহমেদ মাহবুব-উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাকে ভেড়ভেড়ী ইউনিয়নের চেয়ারম্যান উত্ত্যক্তের বিষয়টি মুঠোফোনে জানালে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসি। সেখানে এসে ছাত্রীদের এবং এলাকার লোকজনের কাছে ঘটনার সত্যতা যাচাই করি। বখাটে সজল ও রনিকে উত্ত্যক্তের বিষয়ে জিজ্ঞেস করলে তারাও নিজেদের দোষ শিকার করে। পরে দুই বখাটের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’
বখাটে সজল ও রনি ঢাকা থেকে ট্রাক নিয়ে মালামাল নিতে এসেছিল বলে জানা যায়।
