সাতক্ষীরার তালায় স্ত্রী কর্তৃক স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিশখালী ইউনিয়নের হাজরা পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম রেজা বলেন, নিহত হাজরা পাড়া গ্রামের নজির উদ্দীন মোড়ল (৫৬)। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে।
তিনি জানান, নিহত নজির উদ্দীন মোড়লের স্ত্রী ফিরোজা বেগম (৩৬) শুক্রবার দিবাগত রাত ১টার সময় নিজ বাড়িতে তার স্বামীকে ঘুমন্ত অবস্থায় বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসি রেজা জানান, খবর পেয়ে শনিবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় তার স্ত্রী ফিরোজাকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে তার স্বামীকে হত্যা করেছে তা জানা যায়নি।
