ইংল্যান্ডের ক্যামব্রিজ ও হান্টিংডনের মধ্যবর্তী এ১৪ সড়কে চলছিল দেড় বিলিয়ন পাউন্ডের এক প্রকল্পের কাজ। ওই প্রকল্পের আওতায় সড়কটি ছাড়াও পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কিছু সংস্কার কাজও ছিল। সম্প্রতি ওই সড়কেই খোঁড়াখুঁড়ির কাজের সময় মিলেছে রোমান আমলের এক দুর্লভ মুদ্রার।
মুদ্রাটির গায়ে খচিত আছে উলপিয়াস কর্নেলিউস লাইলিয়ানাসের প্রতিচ্ছবি। মুদ্রায় লাইলিয়ানাসকে মুকুট পরিহিত অবস্থায় দেখা যায়। খ্রিস্টপূর্ব ২৬৮ সালে তার মৃত্যুর আগে মাত্র দুই মাসের জন্য বিশাল সাম্রাজ্যের রাজা হয়েছিলেন তিনি।
প্রত্নতাত্ত্ববিদ স্টিভ শার্লক বিবিসিকে এমন প্রাপ্তিকে খুবই গুরুত্বপূর্ণ বলেন। ইংল্যান্ডে এমন কয়েন মাত্র আর একটি পাওয়া গিয়েছিল। প্রাচীন মুদ্রা বিশেষজ্ঞ জুলিয়ান বৌশের বলেন, ‘রোমানরা সাধারণত মুদ্রা প্রকাশের ব্যাপারে খুব আগ্রহী ছিল। মাত্র দুই মাস ক্ষমতা থেকেও লাইলিয়ানাস নিজের নামে মুদ্রা প্রকাশ করেছিলেন।’
ঐতিহাসিকরা ধারণা করেন রোমান এই জেনারেলকে হত্যা করা হয়েছিল ষড়যন্ত্র করে। মৃত্যুর পরেই তার নামাঙ্কিত মুদ্রা বিভিন্ন স্থানে ছড়িয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি যে স্থান শাসন করেছিলেন তা বর্তমানে জার্মানি এবং ফ্রান্স। বর্তমান জর্মানিতেই নিজের সেনাদলের সদস্যদের হাতে তিনি নিহত হয়েছিলেন এমনও বলা হয়।
সড়কে খননের সময় আরও একটি মুদ্রা পাওয়া যায়, যা ছিল মূলত গ্যাল্লিক যুদ্ধের বহুমুখী মুদ্রা। ধারণা করা হয় ফ্রান্সের সোম্মে এলাকার আমবিয়ানি সম্প্রদায়ের মুদ্রা এটি। বিশেষজ্ঞদের বিশ্বাস, জুলিয়াস সিজারের বিরুদ্ধে ব্রিটিশ কেলটিক ফোর্সের যুদ্ধের সময়ে অর্থায়নের অংশ হিসেবে ওই মুদ্রাগুলো পাঠানো হয়েছিল।
এছাড়াও সড়ক খননকালে বরফ যুগের বিশালাকার হাতি ও ভল্লুকের ফসিল পাওয়া গেছে। ইংল্যান্ডের যে অঞ্চলে একত্রে এত প্রতœতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, তা ছিল মূলত বেশ কয়েকটি সাম্রাজ্যের অংশ। প্রাগৈতিহাসিক কালের হেনগেস, লৌহ যুগের বসতি, রোমান কলোনি এবং অ্যাংলো স্যাক্সানদের তিনটি গ্রাম পাওয়া গেছে ওই অঞ্চলে।
দুর্লভ ও দুষ্প্রাপ্ত এমন প্রাপ্তিতে আপাতত বন্ধ আছে ওই সড়কটির কাজ। নির্দিষ্ট এলাকাটি বাদ দিয়ে অন্য অংশে এখন কাজ চলছে। বিশ্লেষকরা বলছেন, ক্যামব্রিজের ওই অংশে আরও প্রতœতাত্ত্বিক খননের সম্ভাবনা রয়েছে। ফরাসি কলোনীর সময়ের বেশ কিছু নিদর্শন এর আগে ওই একই অঞ্চলে পাওয়া যায়। কিন্তু তখন ইংল্যান্ড সরকারের পক্ষ থেকে ওই অঞ্চলে খননের ব্যাপারে নতুন কোন উদ্যোগ নেওয়া হয়নি। নতুন এই মুদ্রা প্রাপ্তির ঘটনায় ঐতিহাসিকেরা মনে করছেন রোমান রাজা লাইলিয়ানাসের আমল ও ওই সময়ের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে নতুন সূত্র পাওয়া যেতে পারে। তবে রোমান সারাজ্যের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে লাইলিয়ানাস কতটা গুরুত্বপূর্ণ ছিল তা নিয়ে সংশয় আছে ঐতিহাসিকদের। সূত্র: বিবিসি
