কুষ্টিয়ায় গড়াই নদীর তীরে অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। গতকাল শনিবার সকাল ১০টায় শহরসংলগ্ন থানাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরী।
নদী দখলমুক্ত করতে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি থাকলেও এই উচ্ছেদে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ। কুষ্টিয়া পৌর প্যানেল মেয়র মতিয়ার রহমান দীর্ঘদিন এসব এলাকায় গড়ে ওঠা বসতি উচ্ছেদ প্রয়োজন নেই বলে মনে করেন। তার মতে, উচ্ছেদে দখলমুক্ত এসব জায়গা সরকারের কোনো প্রয়োজনে লাগালে কথা নেই। কিন্তু এ অভিযানে দখলমুক্ত করলেও তা আবার অন্য কোনো দখলবাজরা দখল করবে। সে কারণে এই উচ্ছেদের কোনো প্রয়োজন দেখছে না পৌর কর্তৃপক্ষ। অন্যদিকে নদীর জায়গা দখলমুক্ত করতে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে দৃঢ়তা ব্যক্ত করেছে সদর উপজেলা প্রশাসন।
কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম জানান, গড়াই নদীর তীরে প্রায় ২ কিমি দীর্ঘ এলাকার ম্যাপ অনুযায়ী নদীর অ্যালাইনমেন্ট ধরে সব অবৈধ স্থাপনা বা দখল উচ্ছেদ করা হবে।
