আ’লীগ নেতার ভাইকে তুলে নিয়ে গুলি করে হত্যা

আপডেট : ১৯ মে ২০১৯, ১২:০৯ পিএম

বান্দরবানে ক্য চিং থোয়াই মারমা (২৭) নামে এক আওয়ামী লীগ সমর্থককে অপহরণের পর গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ভাই।

শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ৪নং রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রাজবিলা ইউনিয়নের ৪নং রাবার বাগান এলাকার তা উ থোয়াই মারমার ছেলে এবং রাজবিলা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির ভাই।

স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে ক্য চিং থোয়াইকে বাসা থেকে অপহরণ করে একদল সশস্ত্র সন্ত্রাসী। পরে তাকে একটি রাবার বাগানের পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

রবিবার ভোরে নিজ বা‌ড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ৫নং রাবার বাগান এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

রাজবিলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে অং প্রু মারমা জানান, ওই এলাকায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তার বুকে ও পিঠে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি।

এদিকে ঘটনার জন্য আওয়ামী লীগ জনসংহতি সমিতিকে দায়ী করলেও জনসংহতি সমিতির নেতারা তা অস্বীকার করেছে।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মো. এনামুল হক ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।

গত ৯ মে একই এলাকায় জয় মনি তঞ্চঙ্গ্যা নামে এক জনসংহতি সমিতির সমর্থককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এর আগে ৭ মে বিনয় তঞ্চঙ্গ্যা নামে আরও এক জনসংহতি সমিতির কর্মীকে গুলি করে হত্যা করা হয়। একই ঘটনায় ফোলাধন তঞ্চঙ্গ্যা নামে আরেক কর্মীকে অপহরণ করা হয়। ঘটনার ১২ দিন পার হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত