কক্সবাজারের পৃথক বজ্রপাতের ঘটনায় শিশু সহ তিনজন নিহত হয়েছে। রোববার দুপুরের দিকে কক্সবাজারের রামু ও উখিয়ায় পৃথক এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া এলাকার মৌলভী নুরুল ইসলামের কিশোরী মেয়ে ফাতেমা খাতুন (১৫), তার ছোট ভাই শিশু আফনান (২) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ এর বাসিন্দা আব্দু শুক্কুর (৫২)।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনছুর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুপুর ২টার দিকে হঠাৎ বজ্রপাত হয়। এসময় উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া এলাকার মৌলভী নুরুল ইসলামের বাড়িতে খেলা করার সময় বজ্রপাতে তার দুই সন্তান ঘটনাস্থলে নিহত হয়। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫নং রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে আব্দুর শুক্কুর (৫২) নামের এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধ ওই ক্যাম্পের সাব-ব্লক জি-৮ এর ব্লক-সি এর আবদুল করিমের ছেলে। দুপুরে গুড়িগুড়ি বৃষ্টির সময় ক্যাম্পের বাসায় ফেরার পথে তিনি বজ্রপাতের কবলে পড়ে।
উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহমুদ মোর্শেদ সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় রোহিঙ্গা বৃদ্ধ আব্দু শুক্কুর ঘটনাস্থলে নিহত হয়েছে। বজ্রপাতে নিহত আবদু শুক্কুরের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
