রংপুরের বদরগঞ্জে রাশেদুজ্জামান তুহিন (৪৯) নামে এক সার ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি পৌরশহরের হাসপাতাল রোডের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আবেদ আলী সরকারের ছেলে। তিনি এক সন্তানের জনক।
শনিবার ভোর রাতে তিনি বাসা সংলগ্ন দোকানঘরে গলায় ফাঁস দেন। টের পেয়ে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডা. শফিউল আলম সজল জানিয়েছেন, পথেই তার মৃত্যু হয়েছে।
বাবা আবেদ আলী সরকার জানিয়েছেন, তুহিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এর আগেও তিনি বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালান।
তিনি বলেন, তুহিনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার নানা চেষ্টা করা হলেও সে স্বাভাবিক হতে পারেনি।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
