কুমিল্লার দেবিদ্বার ড্রেজিংয়ের ৬০ হাত গভীর গর্তে পড়ার আট ঘণ্টা পর শিশু আফিয়ার (৫) লাশ উদ্ধার করেছে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ড্রেজার শ্রমিকদের সামনেই গর্তটির পাড়ের মাটি ভেঙে পড়ে গেলেও তাৎক্ষণিক পুলিশ বা ফায়ার সার্ভিসকে জানায়নি ড্রেজার মালিক বা এলাকাবাসী কিংবা নিখোঁজ শিশুর পরিবারের কেউ।
গত শনিবার বিকেল ৩টার দিকে দেবিদ্বার আন্দিরপাড়ে ড্রেজিংয়ের গর্তে পড়ে এ নিখোঁজের ঘটনা ঘটে। পরে আট ঘণ্টা পর রাত ১১টায় শিশু আফিয়ার লাশ উদ্ধার করা হয়। আফিয়া দেবিদ্বার উপজেলার আন্দিরপাড় গ্রামের মনির হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আফিয়া ড্রেজিংয়ের গর্তে পড়ে যাওয়ার কথা শুনেও স্থানীয় খিরাকান্দি আন্দিরপাড়ের প্রভাবশালী ড্রেজার মালিক রব মিয়া তাকে উদ্ধারের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। উল্টো শিশুর পরিবারকে চাপ দেন বিষয়টি কাউকে না জানানোর জন্য। সন্তান উদ্ধারের জন্য ড্রেজিংয়ের গর্তের পাশে অপেক্ষার প্রহর গুনতে থাকেন পাগলপ্রায় মা। ঘটনাটি গ্রামে জানাজানি হলে স্থানীয় প্রশাসন এগিয়ে আসে উদ্ধারকাজে। দেবীদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।
