আনোয়ারায় সেতুর কাজ শেষ হয়নি ৫ বছরেও

আপডেট : ১৯ মে ২০১৯, ১০:৪৯ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা নদীর ওপর নির্মাণাধীন কালারপোল আখতারুজ্জামান চৌধুরী বাবু সেতুর কাজ পাঁচ বছরেও শেষ হয়নি। দীর্ঘ পাঁচ বছরেও নির্মাণকাজ সম্পন্ন না হওয়ায় এ পথে চলাচলকারী মানুষের দুর্ভোগ শেষ হয়নি।

সওজ বিভাগ জানায়, সেতুটি ভেঙে যাওয়ার পর নতুন সেতু নির্মাণের জন্য প্রথমে ২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় যোগাযোগ মন্ত্রণালয়। সংশ্লিষ্ট ঠিকাদার কিছুদিন কাজ করার পর লোকসানের অজুহাত দেখিয়ে কাজ বন্ধ করে চলে যায়। ২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে ২৭ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দে নতুনভাবে এই সেতু নির্মাণের কাজ পায় আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৪ সালের ৮ মার্চ মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর নামে সেতুটির নির্মাণকাজ উদ্বোধন করেন তৎকালীন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। ২০১৮ সালে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল।

সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শিকলবাহা নদীতে কালারপোল সেতুটি ১৯৯৫ সালে নির্মিত হয়। ২০০৭ সালের ১৮ নভেম্বর টিনের কয়েল বোঝাই বার্জ এমভি সানলাইটের আঘাতে সেতুর তৃতীয় ও চতুর্থ স্প্যান ভেঙে নদীতে নিমজ্জিত হয়।

এরপর ২০১৪ সালে মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর নামে সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয় যোগাযোগ মন্ত্রণালয়। কাজের শুরু থেকে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান একটি পুরনো স্প্যান বসিয়ে সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা করে দেয়। কিন্তু ওই ঠিকাদারি প্রতিষ্ঠান বছর দুয়েক সেতুটির কাজ করার পর লোকসান দেখিয়ে কাজ ফেলে চলে যায়। দোহাজারী সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহেদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, খুব শিগগির নির্মাণকাজ সম্পন্ন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত