মৌচাক কাটতে গিয়ে গাছ থেকে পড়ে ঠাকুরগাঁওয়ের হরিপুরে কুরবান আলী (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল রবিবার সকালে জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের ফালডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। কুরবান আলী শিহিপুর (শেখটলা) গ্রামের মৃত তসির উদ্দীনের ছেলে।
ফালডাঙ্গী গ্রামের গাছের মালিক হাফিজুর রহমান বলেন, দুটি মেহগনি গাছ উপজেলার শিহিপুর (শেখটলা) গ্রামের সুবাস চন্দ্র কিনে নেন। ওই গাছে মৌচাক থাকার কারণে সুবাস গাছ কাটতে পারেননি। তাই মৌচাক সরানোর জন্য কুরবান আলীকে ডেকে আনি। মৌচাকটি কাটার জন্য কুরবান আলী গাছে উঠলে একপর্যায়ে পা পিছলে পড়ে গুরুতর আহত হন। পরে হরিপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় পথে তিনি মারা যান।
