নন-ক্যাডারে চিকিৎসক

ক্যাডারে অন্তর্ভুক্তির জন্য স্মারকলিপি

আপডেট : ২০ মে ২০১৯, ১২:৩৬ এএম

৩৯তম বিশেষ বিসিএসে (স্বাস্থ্য) উত্তীর্ণ ও নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৮ হাজার ৩৬০ জনকে ক্যাডারে অন্তর্ভুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন নিয়োগপ্রত্যাশী চিকিৎসকরা। গতকাল রবিবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ হস্তক্ষেপ কামনা করেন তারা। পরে বিকেলে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে তাদের একটি প্রতিনিধিদল।

সংবাদ সম্মেলনে ডা. উম্মে হুমায়রা কানেতা বলেন, ৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় ১৩ হাজার ২০০ জন মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৯২ জন ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হন। কিন্তু পর্যাপ্ত পদের অভাবে পরীক্ষায় উত্তীর্ণ ৮ হাজার ৩৬০ জনকে ক্যাডার হিসেবে সুপারিশ করা হয়নি। তাদের নন-ক্যাডার হিসেবে রাখা হয়।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অন্যতম দিক স্বাস্থ্য খাতের উন্নয়ন। তাই সরকারের উন্নয়নের সহযাত্রী হতে চান নন-ক্যাডার হিসেবে উত্তীর্ণ ৮ হাজার ৩৬০ জন চিকিৎসক। বিষয়টি সুরাহা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। একই দাবিতে গত শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমানে প্রবল সংকট মেটাতে নন-ক্যাডার চিকিৎসকদের ক্যাডারভুক্ত করা সময়ের দাবি। পাবলিক সার্ভিস কমিশনের সব পরীক্ষা ও আনুষঙ্গিক শর্ত পূরণ করে বিপুলসংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া আগামী তিন বছরের মধ্যে সম্ভব নয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. রাজন, ডা. কাজী ইমরান হাসান, ডা. দেবাশীষ চক্রবর্তী, ডা. রাফা, ডা. মাসুদুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত