সুন্দরবন ঘিরে খুলনা অঞ্চলে পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে গতকাল রবিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্র্তৃপক্ষ এক কর্মশালার আয়োজন করে।
বক্তারা বলেন, সুন্দরবনের ক্ষতি করে এমন আর কোনো শিল্প-কারখানা গড়ে উঠবে না। শুধু পর্যটন শিল্পের বিকাশে অবকাঠামো গড়ে তোলা হবে। জীববৈচিত্র্যের ব্যাঘাত না ঘটিয়ে এ অঞ্চলে পর্যটন শিল্প গড়ে তুলতে পারলে তা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করবে। সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে তুলে অর্থনীতি চাঙ্গা করা হবে। এজন্য সবার আগে প্রয়োজন যাতায়াত ব্যবস্থার উন্নয়ন। পিপিপি কর্র্তৃপক্ষ মোংলায় এবং খুলনার মুজগুন্নীতে দুটি আন্তর্জাতিক মানের হোটেল নির্মাণ করতে চায়। এ কাজে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন, পিপিপি কর্র্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলকামা সিদ্দিকী, অতিরিক্ত সচিব মো. শাহাদাত হোসেন, খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া প্রমুখ।
