গণভবনের ইফতারে প্রধানমন্ত্রী

বাংলাদেশ যেন জঙ্গি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে মর্যাদা পায়

আপডেট : ২০ মে ২০১৯, ০১:১২ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য। বাংলাদেশ যেন জঙ্গি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি দেশ হিসেবে বিশ্বে মর্যাদা পায় এবং উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ যেন গড়তে পারি, সেই দোয়া

চাই।’ গতকাল রবিবার গণভবনে এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইফতারে অংশ নেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী, আলেম-ওলামা, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ব্যক্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর আত্মীয়-পরিজনরা।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা দিয়ে গেছেন। তিনি স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের। তিনি চেয়েছিলেন বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে। আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য, দেশের জনগণের জন্য। আমরা যেন জাতির পিতার স্বপ্ন পূরণ করতে পারি, বাংলাদেশকে যেন সেই সম্মানজনক জায়গায় নিয়ে যেতে পারি।’

এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত সবাইকে রমজানের মোবারকবাদ জানান। একই সঙ্গে চোখের অপারেশন হওয়ায় চিকিৎসকের বারণ থাকায় প্রথম রোজায় সবার সঙ্গে ইফতারে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি খুব দুঃখিত। ঘুরে ঘুরে সবসময় আমার সবার সঙ্গে কথা হয়। মাত্র কয়েক দিন আগে আমার চোখের অপারেশন হয়েছে। স্বাভাবিকভাবে বয়স হয়ে গেছে, ছানি পড়ে গেছে। এখন সেই ছানি অপারেশন করতে হলো। এজন্য আমার নিষেধ আছে বেশি মানুষের ভেতরে যাওয়া বা বাইরে যাওয়া। আজই প্রথম এখানে সমবেত হলাম। আমার আরও একটা মিটিং ছিল। সে কারণে কিছুটা দেরি হলো।’

ইফতার মাহফিলে উপস্থিত সবাই এবং দেশে-বিদেশে যারা অবস্থান করছেন তাদেরও পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

ইফতার মাহফিলে আগত অতিথিদের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘এখানে আমার স্কুলের বান্ধবীরা আছেন; বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা আছেন; সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা এসেছেন গণভবনের মাটি ধন্য হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত