ভাঙচুর-মারধরের অভিযোগ

সাভারে ৪৮ পোশাক শ্রমিক সাময়িক বরখাস্ত, মামলা

আপডেট : ২০ মে ২০১৯, ০২:২৪ এএম

সাভারে তৈরি পোশাক কারখানায় আন্দোলন, ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগে ৪৮ শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে কর্র্তৃপক্ষ। গতকাল রবিবার সকালে শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী এলাকার স্প্রিং ট্রেড নামে একটি কারখানার মূল ফটকে এ সংক্রান্ত নোটিস টানানো হয়। এছাড়া কারখানার অভ্যন্তরে ভাঙচুর ও মারধরের অভিযোগে এরই মধ্যে ৪৮ জন শ্রমিকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে।

স্প্রিং ট্রেড লিমিটেড কারখানার অ্যাডমিন ম্যানেজার ইব্রাহিম খলিল সুহায়েল জানান, গত ১৪ মে সকালে কারখানার ভেতর ঢুকে দুলাল নামে একজন নিটিং অপারেটর নিটিং ইনচার্জ মহিদুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় অন্যান্য কর্মীরা বাধা দিলে শ্রমিকরা একজোট হয়ে হামলা চালায়। পরে উভয়পক্ষের মধ্যে হামলা ও মারধরের ঘটনায় ২০-২৫ জন আহত হন। এ ঘটনায় গত চার দিন কারখানা বন্ধ ছিল। আজ সোমবার থেকে কারখানা খোলা থাকবে। তিনি জানান, কারখানায় ভাঙচুর, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি ও মারধরের অভিযোগে ৪৮ জন শ্রমিকের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা হয়েছে। একই অপরাধে শ্রম আইন অনুযায়ী ৪৮ শ্রমিককে সাময়িক বরখাস্ত এবং কারণ দর্শানোর জন্য নোটিস পাঠানো হয়েছে। নোটিস প্রাপ্তির ১০ দিনের মধ্যে শ্রমিকরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১-এর পরিদর্শক মাহমুদুর রহমান জানান, বর্তমানে কারখানার পরিবেশ স্বাভাবিক। আজ থেকে কারখানা খোলা থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কারখানা এলাকায় অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন থাকবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত