একাধিক স্টেশন থেকে টিকিট ক্রয়ের সুবিধা এবং অনলাইন থেকে ৫০ শতাংশ টিকিট কাটার সুযোগসহ এবার ঈদে বাড় ফেরা নির্বিঘ্ন করতে উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ রেলওয়ে।
তবে সোমবার সকাল থেকে রেলের অ্যাপ কিংবা ওয়েবসাইটে ঢোকাই যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
বলা হচ্ছে, তাদের সার্ভার ডাউন হয়ে গেছে। এই কাণ্ডের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যাত্রীরা।
সোশ্যাল সাইটে প্রতিবাদ চলছে রেলওয়ের অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান 'কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের (সিএনএস)' বিরুদ্ধে।
অভিযোগকারীরা জানান, সিএনএসের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। প্রতি ঈদ কিংবা লম্বা কোনো ছুটির আগেই তাদের সার্ভার ডাউন হয়ে যায়।
তারার জানান, সার্ভার ঠিক হওয়ার পর দেখা যায় টিকিট হাওয়া! একই ঘটনা ঘটছে অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে।
সোমবার যাত্রীরা জানান, অনেকে ঢুকতেই পারছেন না অ্যাপে; আর যারা ঢুকতে পারছেন, তারা টিকিট কাটতে পারছেন না। এবার ৫০ শতাংশ টিকিট দেওয়ার কারণে সিএনএসের সাইটে ব্যবহারারীর সংখ্যা বেড়েছে।
ফেসবুকে তারা বলেন, তবে এত ক্রেতাকে সেবা দেওয়ার মতো সক্ষমতা ওই কোম্পানির নেই বলে জানা গেছে। তারপরও এ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বজায় রেখেছে রেলওয়ে।
'যাত্রীদের এসব ভোগান্তির অভিযোগ জানানোর কোনো জায়গা নেই।'
২৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে চালু করা 'রেল সেবা' নামক অ্যাপে ৯৯৯ এবং ৩৩৩ কল সেন্টারের নাম্বার দেওয়া আছে।
কিন্তু ৩৩৩ নম্বরে ফোন করলে দায়িত্বরত এক কর্মী বলেন, সার্ভার ডাউন বা এই জাতীয় অভিযোগ তারা গ্রহণ করেন না।
নতুন 'রেল সেবা' অ্যাপ নিয়ে যাত্রীরা ব্যাপক অসন্তোষ জানিয়ে বলেন, প্রয়োজনীয় সুবিধা যুক্ত না করেই স্রেফ লোক দেখানো একটা অ্যাপ লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি।
ব্যবহারকারীরা জানিয়েছেন, তারা অ্যাপটির মাধ্যমে টিকেট ক্রয় করলেও ট্রেনের ছাড়ার চার থেকে পাঁচ ঘণ্টা পর পাচ্ছেন টিকেট।
অনেকেই অভিযোগ করছেন, ঈদের আগে যাত্রীরা যাতে অনলাইনে টিকিট কাটতে না পারেন, সেজন্য ইচ্ছাকৃতভাবে এসব কারসাজি করা হচ্ছে।
