স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান চীনা টেক জায়ন্ট হুয়াওয়ের ওপর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কিছু আপডেট করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে গুগল। এর ফলে এই ব্র্যান্ডের স্মার্টফোনে নতুন কয়েকটি মডেল থেকে কিছু গুগল অ্যাপ ব্যবহার করা যাবে না।
ট্রাম্প প্রশাসনের কালো তালিকায় রয়েছে হুয়াওয়ে। এ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো আমেরিকান কোম্পানি লাইসেন্স ছাড়া বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারবে না। এমন পরিস্থিতিতে গুগল জানিয়েছে, তারা সরকারি নির্দেশনা মেনে চলছে এবং এর ফলাফল যাচাই করছে। তবে হুয়াওয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি।
তবে হুয়াওয়ে ফোনের বর্তমান ব্যবহারকারীরা অ্যাপ আপডেট করতে পারবেন এবং গুগল পে সার্ভিসেও আপডেটেড থাকতে পারবেন। এ বছরের শেষে যখন গুগল অ্যান্ড্রয়েডের পরবর্তী ভার্সন বাজারে ছাড়া হবে, তখন সেটি হুয়াওয়ের স্মার্ট ডিভাইসে ব্যবহার নাও করা যেতে পারে। যার অর্থ হলো, ভবিষ্যতে হুয়াওয়ের স্মার্ট ডিভাইসে ইউটিউব বা গুগল ম্যাপসের মতো অ্যাপ নাও থাকতে পারে। তবে ওপেনসোর্স লাইসেন্সের মাধ্যমে অ্যান্ড্রয়েডের যেই ভার্সনটি ব্যবহার করা যায় সেটি হুয়াওয়ের মাধ্যমে ব্যবহার করা যাবে।
গত বুধবার ট্রাম্প প্রশাসন হুয়াওয়েকে ‘এনটিটি লিস্ট’-এ অন্তর্ভুক্ত করে। এ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর হুয়াওয়ের প্রধান নির্বাহী রেন ঝেংফেই জাপানি গণমাধ্যমকে বলেন, ‘আমরা এ রকম কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।’ পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বেশ কিছু দিন ধরেই সমালোচনার মুখোমুখি হচ্ছে হুয়াওয়ে। অভিযোগ করা হচ্ছে, এর প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দাবৃত্তি করছে চীন। তবে হুয়াওয়ে এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।
হুয়াওয়ে বলেছে, তাদের কাজের ধারা কোনো ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করে না এবং চীন সরকারের সঙ্গে তাদের কাজের কোনো সম্পর্ক নেই। তা সত্ত্বেও কিছু দেশ হুয়াওয়ের পণ্যে তাদের মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ৫জি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার নিষিদ্ধ করেছে।
