রাজশাহীর মোহনপুরে স্কুলছাত্রী সুমাইয়া আক্তার বর্ষার আত্মহত্যার ঘটনায় মোহনপুর থানার ওসি আবুল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনার তদন্তে গতকাল সোমবার রাজশাহী জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ওই ঘটনায় পুলিশের কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা পুলিশের ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান মোল্লার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সুষ্ঠু ও প্রভাবমুক্ত তদন্তের স্বার্থে ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
