খাগড়াছড়ির মানিকছড়ি বড়বিল এলাকা থেকে রফিকুল ইসলাম (৩৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, স্ত্রী রোকসানা বেগমের পরকীয়ার বলি হয়েছেন রফিকুল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বড়বিল এলাকার ওহাব মিয়ার ছেলে রফিকুল কৃষিকাজ করতেন।
মানিকছড়ি থানার ওসি মুহাম্মদ রশিদ জানান, গত সোমবার মধ্যরাতে তার লাশ উদ্ধার করা হয়। রাতে কোনো একসময়ে তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য রোকসনাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন।
নিহতের মেয়ে ফাতেমা বেগম জানায়, তার বাবা প্রতিদিনের ন্যায় নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। হঠাৎ গলার আওয়াজ শুনতে পেয়ে তারা ঘুম থেকে উঠে দেখে তার গলাকাটা লাশ পড়ে আছে। খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
