চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে ভোলার লালমোহনগামী এমভি শ্রীনগর-২ লঞ্চের তলা ফেটে ভেতরে পানি ঢোকার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে আড়াই শতাধিক যাত্রীর জীবন। লঞ্চ কর্র্তৃপক্ষের দাবি, বালুবাহী কার্গোজাহাজের ধাক্কায় লঞ্চের তলা ফেটে যায়। লঞ্চের ভেতরে পানি ঢুকে পড়লে লঞ্চটি দ্রুত পাড়ে ভেড়ানো হয়। গত মঙ্গলবার রাত পৌনে ১০টার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ সংঘর্ষের বিষয়টি অস্বীকার করে বলে, অতিরিক্ত মালামাল বোঝাই করার ফলে পানির চাপে লঞ্চের তলায় ফাটল ধরে।
শ্রীনগর লঞ্চের মালিক কামরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ভোলার লালমোহনের উদ্দেশে রওনা হয় যাত্রীবাহী এমভি গ্লোরি অব শ্রীনগর-২। পথিমধ্যে চাঁদপুরের মোহনপুর এলাকা অতিক্রমকালে বালুবাহী একটি কার্গোজাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। লঞ্চটি দ্রুত পাড়ে ভেড়ানোয় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। পরে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটগামী শ্রীনগর-৮ লঞ্চটি রাত ১১টায় যাত্রীদের উদ্ধার করে লালমোহনের উদ্দেশে রওনা দেয়।
মতলব উত্তর উপজেলার মোহনপুর ফাঁড়ির ইনচার্জ ওসি নাছির উদ্দিন জানান, লঞ্চের মালিকপক্ষ বালুবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের দাবি জানালেও সংঘর্ষের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লঞ্চে অতিরিক্ত মালামাল পরিবহনের কারণে পানির চাপে তলা ফেটে যায়। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।
