জামালপুর সদরের নান্দিনা থেকে এহসান ইবনে রেজা ফাগুন নামে এক সাংবাদিকের ছেলের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নান্দিনা-নুরুন্দি এলাকার মধ্যপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
এহসান ইবনে রেজা ফাগুন (২০) এনটিভির শেরপুর প্রতিনিধি কাকন রেজার ছেলে। তিনি রাজধানীর তিতুমীর কলেজে ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টে প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র এবং অনলাইন নিউজ পোর্টাল প্রিয় ডটকম-এর সহসম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
জামালপুর রেলওয়ে থানার ওসি তাপস চন্দ্র প-িত জানান, গত মঙ্গলবার রাত ১২টার দিকে সদর উপজেলার নান্দিনা-নুরুন্দির মধ্যপাড়া এলাকায় রেললাইনের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। মৃতদেহের পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুলের কাছে হস্তান্তর করা হয়।
