উত্তরায় ইফতারে নতুনত্ব

আপডেট : ২৩ মে ২০১৯, ০১:২৭ এএম

রাজধানীর প্রাণকেন্দ্র থেকে উত্তরার অবস্থান একটু দূরে হলেও, মুখরোচক ইফতার আয়োজনে পিছিয়ে নেই এলাকাটি। রমজান জুড়েই উত্তরার বিভিন্ন রেস্তোরাঁ আর পথের ধারের ইফতারের দোকানগুলো থেকে বেছে নিতে পারবেন আপনার পছন্দের খাবারগুলো। উত্তরা ঘুরে এসে লিখেছেন জাওয়াদুল আলম

 

অজো আইডিয়া স্পেস- রমজান উপলক্ষে চারটি ভিন্নধর্মী ইফতার প্ল্যাটার নিয়ে এসেছে রেস্তোরাঁটি। প্রতিটি প্ল্যাটারের দাম রাখা হয়েছে ৪২৯ টাকা। চিকেন দিয়েই মূলত প্রতিটি প্ল্যাটার সাজানো হয়েছে। চিকেন তেরিয়াকির সঙ্গে তেরিয়াকি সস, সওটেড ভেজিটেবল ও অরেঞ্জ আইস টি থাকছে প্রথম প্ল্যাটারে। দ্বিতীয় প্ল্যাটারে লেমন গার্লিক চিকেনের সঙ্গে পাবেন ম্যাশড পটেটো, সওটেড ভেজিটেবল ও লাচ্ছি। গ্রিলড চিকেন উইথ পেরি পেরি সস, ম্যাশড পটেটো, সওটেড ভেজিটেবল আর মিনি মোহিতো থাকবে প্ল্যাটার-৩-এ। ক্রিমি চিকেন উইথ হোয়াইট সসের সঙ্গে রয়েছে নানরুটি, পটেটো ওয়েজেস ও মোহিতো। এ ছাড়া সব প্ল্যাটার থাকবে মমো ও রকমারি ফল।

লেক ট্যারেস উত্তরা- উত্তরার লেকের কিনারঘেঁষে রেস্তোরাঁটি। তাই মনোরম একটি পরিবেশে ব্যুফে ইফতার করতে চাইলে বেছে নিতে পারেন লেক ট্যারেস উত্তরা। জনপ্রতি ৯৯৯ টাকার ব্যুফেতে পাবেন একসঙ্গে ইফতার ও ডিনারের প্যাকেজ। হালিম, পাকোড়াসহ ট্র্যাডিশনাল ইফতার আইটেমগুলোর পাশাপাশি স্পেশাল আইটেম হিসেবে থাকবে স্টেক, পাস্তাসহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন। পরিবার কিংবা বন্ধু-বান্ধবদের নিয়ে এখানে ইফতার ও ডিনার করতে চাইলে আগে থেকে বুকিং দিতে হবে।

কাচ্চি ওয়ালা:  কাচ্চি বিরিয়ানি ছাড়া যাদের ইফতার জমে ওঠে না, তাদের জন্য রয়েছে কাচ্চি ওয়ালা রেস্তোরাঁটি। ৬৯৯ টাকায় ইফতারে দুজন আনলিমিটেড কাচ্চি বিরিয়ানি ও আনলিমিটেড ড্রিংকস খেতে পারবেন। আনলিমিটেড কাচ্চি খাওয়ার জন্য এ ক্ষেত্রে সময় পাবেন এক ঘণ্টা। ইফতারের এ অফারটি উপভোগ করতে চাইলে আগে থেকেই বুকিং দিতে হবে।

ব্যাক স্ট্রিট ক্যাফে: ইফতারে দুই ধরনের ইফতার প্ল্যাটার পাবেন এখানে। প্ল্যাটার দুটিতেই থাকছে ছোলা, পেঁয়াজু, আলুর চপ ও খেজুরের মতো চিরায়ত ইফতার আইটেম। এই আইটেমগুলোসহ ৩৫০ ও ৩৯৯ টাকার প্ল্যাটার দুটিতে পাবেন বিবিকিউ চিকেন, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, ভেজিটেবল, অনিওন রিংসহ ফ্রুটস আইটেম। এ ছাড়া থাকবে লেমন জুস ও মিনারেল ওয়াটার।

চিলক্স উত্তরা: বার্গারপ্রেমীদের জন্য উত্তরার চিলক্সে থাকছে তিনটি স্পেশাল ইফতার প্ল্যাটার। ৩৭০ টাকার প্ল্যাটারে থাকছে স্মোকি বিবিকিউ চিকেন/বিফ চিজ বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফিঙ্গার ও লেমনেড। এদিকে ৪৭০ টাকার প্ল্যাটারে থাকবে চিকেন/বিফ বার্গার উইথ সসেজ, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফিঙ্গার, কোলসলো ও মাঞ্চ শেক। আর ত্রিপল এক্সেল বার্গারের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফিঙ্গার, কোলসলো ও ওরিয়ো শেক পাবেন ৬৭০ টাকার প্ল্যাটারে। এ ছাড়া প্রতিটি প্ল্যাটারেই থাকছে এক বোতল মিনারেল ওয়াটার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত