বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছে হাইকোর্ট।
গতকাল ওই আবেদনের ওপর শুনানির ধার্য দিনে রাষ্ট্রপক্ষের করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পরের এ দিন রাখে বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, কায়সার কামাল, একেএম এহসানুর রহমান প্রমুখ।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমরা দুই মামলায় জামিনের আবেদন করেছিলাম। রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাটর্নি জেনারেল এই মামলায় শুনানি করবেন। এজন্য সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ জুন দিন ধার্য করা হয়েছে।’ তিনি বলেন, ‘মানহানির মামলা জামিনযোগ্য। আমরা এ বিষয়ে আপিল বিভাগের নির্দেশনার বিষয়টি আদালতে তুলেছিলাম। আদালত এ সপ্তাহে নয় জানিয়ে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর তারিখ ধার্য করেছে।’
দুর্নীতির দুই মামলায় দ-িত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছর ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে মানহানির ওই মামলা হয় পরের বছরের ২৫ জানুয়ারি। এর আগে ২০১৪ সালের ১৪ অক্টোবর এক অনুষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২১ অক্টোবর তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। দুই মামলায়ই তার বিরুদ্ধে বিচারিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
