যানবাহনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেন নয় : হাইকোর্ট

আপডেট : ২৩ মে ২০১৯, ০২:৫৪ এএম

গণপরিবহনসহ সব যানবাহনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। পাশাপাশি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী জানমাল রক্ষায় গণপরিবহনসহ সব যানবাহনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

গতকাল বুধবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। চার সপ্তাহের মধ্যে যোগাযোগ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিআরটিএ চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির প্রকৌশল বিভাগের পরিচালক, ফায়ার সার্ভিসের মহাপরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনগণের জানমাল রক্ষায় যানবাহনে অগ্নিনির্বাপণ ব্যবস্থার নির্দেশনা চেয়ে চলতি মাসের শুরুতে হাইকোর্টে রিট আবেদনটি করেন আইনজীবী আবুল বারাকাত মো. সাজ্জাদ আল বারী। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মিছবাহুল আনোয়ার; সঙ্গে ছিলেন আইনজীবী মো. সোহরাব সরকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

সৈয়দ মিছবাহুল আনোয়ার দেশ রূপান্তরকে জানান, গত ২৯ মার্চ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সামনে নূর-এ মক্কা পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন লাগে। গত বছরের ১০ ফেব্রুয়ারি বনানীতে একটি বাসে আগুন ধরে যায়। গত ২১ ফেব্রুয়ারি ধানমণ্ডির ২৭ নম্বর সড়কের পাশে পাইপলাইনের ছিদ্র থেকে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। গত বছরের ৫ জানুয়ারি ফার্মগেটে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। ২০১৭ সালের ২৪ জুন সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বিপিএটিসির সামনে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন ধরে যায়। পরে ২০ ডিসেম্বর শাহবাগে একটি বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এসব ঘটনায় অনেকেই আহত হয়।

রিটকারী আইনজীবী জানান, ওভার হিটিংসহ নানা কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেই চলেছে। এসব ঘটনায় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট আবেদনটি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত