কৃষকের ধান কেটে দিতে নেতাকর্মীদের ছাত্রলীগের নির্দেশ

আপডেট : ২৩ মে ২০১৯, ০২:৫৯ এএম

ধানের দাম কম হওয়ার কারণে দেশের অনেক কৃষক ধান কাটছেন না। অন্যদিকে বিভিন্ন স্থানে ধানের ন্যায্য দামের দাবিতে সভা-সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। এ অবস্থায় কৃষকের ক্ষেতের ধান কেটে দেওয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রলীগ।

গতকাল বুধবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে কৃষকের ধান কেটে দেওয়ার কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে ধান কাটা ও শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেড়ে গেছে। মজুরস্বল্পতার কারণে দেশের বেশ কিছু অঞ্চলে কৃষকরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন। এতে বাংলাদেশ ছাত্রলীগের অন্তর্গত সব ইউনিট (বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড) সমূহকে স্ব স্ব এলাকার কৃষকদের স্বেচ্ছাশ্রমে ধান কাটাসহ সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত