নারীসহ ছিনতাইকারী চক্রের ৯ সদস্য আটক

আপডেট : ২৩ মে ২০১৯, ০৩:২২ পিএম

সাভারে পুলিশের বিশেষ যৌথ অভিযানে নারীসহ ছিনতাইকারী চক্রের ৯ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড ও নবীনগরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

ডিবি পুলিশের কাছে আটকেরা হলেন- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ইমতিয়াজ শেখের ছেলে মো. আক্কাস (৩৮), বিদ্যুৎ খানের ছেলে সুমন (২৭), সিংগাইর থানার মৃত আলী হোসেনের মেয়ে রেশমা (২৩), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাজীপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে নাজমুল (২০), মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার স্বর্ণগ্রামের লতিফ ফরাজীর ছেলে রায়হান (২২) ও সাভারের ফুলাবড়িয়া এলাকার মৃত কাশেম হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (২৪)। তবে সাভার মডেল থানা পুলিশের কাছে আটক অপর তিন ছিনতাইকারীর পরিচয় জানা যায়নি।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল বাসার জানান, ঈদকে সামনে রেখে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে সাভার  মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। পরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড ও নবীনগরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৯ ছিনতাইকারীকে আটক করা হয়।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, আটক ৯ ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হবে। এছাড়া ঈদকে সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত