এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের চূড়ান্ত পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। সেপ্টেম্বরে থাইল্যান্ডে হতে যাওয়া আসরে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে।
এশিয়ার সেরা আট দলের এই আসরে বাংলাদেশ গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছে জাপান, অস্ট্রেলিয়া ও স্বাগতিক থাইল্যান্ডকে। ‘বি’ গ্রুপে খেলবে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনাম।
১৫ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই আসর থেকে সেরা দুটি সুযোগ পাবে ২০২০ অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে। সেই অর্থে এএফসির এই আসর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বাছাই পর্বও। বাংলাদেশ এবার টানা দ্বিতীয়বারের মতো খেলবে এই আসরে।
২০১৭ সালে প্রথমবারের মতো এশিয়ার সেরা খেলে মেয়েরা। সেবারও বাংলাদেশের গ্রুপে ছিল জাপান ও অস্ট্রেলিয়া। তৃতীয় দল ছিল উত্তর কোরিয়া।
দুই বছর আগে কৃষ্ণা-সানজিদারা অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ লড়াই করেছিল। শুরুতে এগিয়ে থেকেও অবশ্য শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে যায়। এর আগে জাপানের সঙ্গে ০-৩ ও উত্তর কোরিয়ার বিপক্ষে ০-৯ গোলে হারে।
তবে পূর্ব অভিজ্ঞতা থেকে এবার আরো ভালো করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। যদিও বয়সের কারণে কৃষ্ণা, সানজিদা, মৌসুমীরা খেলতে পারবে না এবার।
মেয়েদের কোচ গোলাম রব্বানী ছোটন আসরটির আগে বড় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দাবি জানালেন। দেশ রূপান্তরকে ছোটন বলেন, ‘‘এখানে সবাই কঠিন প্রতিপক্ষ। তাই সেভাবেই প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে সাতটি দল আছে সবার সাথে খেলার অভিজ্ঞতা আছে আমাদের।’’
‘‘আগের অভিজ্ঞতা অবশ্যই কাজে দেবে। তবে এই ধরনের টিমের সঙ্গে খেলতে যাওয়ার আগে আমি মনে করি এই লেভেলের টিমের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেই যাওয়া উচিত। সেটা হলে মেয়েদের আত্মবিশ্বাস বাড়বে।’’- যোগ করেন ছোটন।
স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে গেল আসরের সেরা তিনটি দল উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান এবার সরাসরি খেলছে এই আসরে। আর বাছাই পর্ব পেরিয়ে এসেছে অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, চীন ও বাংলাদেশ।
