বাড়তি ভাড়া আদায়: ৫ পরিবহনকে লাখ টাকা জরিমানা

আপডেট : ২৩ মে ২০১৯, ১০:১৪ পিএম

ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০০ থেকে এক হাজার টাকা বাড়তি ভাড়া আদায়সহ নানা অভিযোগে বৃহস্পতিবার পাঁচ পরিবহনের বাসকে এক লাখ টাকা জরিমানা করেছে বিআরটিএ।

চট্টগ্রাম নগরের দামপাড়া, অলংকার, এ কে খান ও কর্নেলহাট এলাকায় বাস কাউন্টারে এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক।

তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অভিযান চালানো হয়েছে।

অভিযানে গিয়ে দেখা যায়, বিভিন্ন পরিবহনের বাস কাউন্টারগুলোতে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০০ থেকে এক হাজার টাকা বেশি আদায়, বাড়তি ভাড়া নিয়ে টিকিটে কম টাকা উল্লেখ করছে।

‘কাউন্টারে কাগজপত্র ও যাত্রীদের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ বাস পরিবহনের কাউন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। কাউকে বাড়তি ভাড়া আদায় করতে দেওয়া হবে না’।

‘এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি’।

অভিযানে আর এম ট্রাভেলসকে ২৫ হাজার, শাহ ফতেহ আলী পরিবহনকে ২০ হাজার, বেপারী পরিবহনকে ৩০ হাজার, লিটন পরিবহনকে ২০ হাজার ও বলেশ্বর পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও টিকিট সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ায় দেশ ট্রাভেলসকে সতর্ক করা হয়।

অভিযানে বিআরটিএ’র কর্মকর্তা মেহেদী ইকবাল, পরিদর্শক পার্থ প্রতীম ও সিএমপির পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত