সবাই যখন টিভির সামনে, যশোদাবেন মোদী তখন অম্বাজি মাতার মন্দিরে। পুজো দিচ্ছেন। প্রার্থনা করছেন। যাতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনশোর বেশি আসন পায়।
বৃহস্পতিবার দুপুরে আবেগে ভেসে যাওয়া গলায় বললেন, ‘খুশ হুঁ। আজ ম্যায় বহত খুশ হুঁ। আমি তো এটাই প্রার্থনা করে এসেছি।’
ভোট গণনার দিন ভোর থেকেই উপবাসে ছিলেন যশোদা। স্নান সেরে সাড়ে ৮টা নাগাদ বেরিয়ে পড়েছিলেন অম্বাজি মাতার মন্দিরের উদ্দেশে। দাদা অশোকের উঞ্ঝার বাড়ি থেকে কিলোমিটারখানেক দূরেই ওই মন্দির।
যশোদাবেন বলেন, ‘আজ বৃহস্পতিবার। গুরুবার। মানে গুরুর দিন। আমি গুরুর জন্য উপোস আছি। একই সঙ্গে অম্বাজি মাতা এবং মহাকালেশ্বরের জন্যও।’ একটু থেমে বললেন, ‘মোদী সাহেব যাতে ৩০০-রও বেশি আসন নিয়ে ফের সরকারে আসেন, সে জন্য ব্রত করেছি। উপোস ওঁর জন্যও।’
যশোদা নরেন্দ্র মোদির জন্য পুজোআচ্চা আর উপোসের উপরেই থাকেন। পরের মেয়াদে আবারো ভারতের প্রধানমন্ত্রী হতে যাওয়া মোদির স্ত্রী বলেছিলেন, ‘ওটাই তো আছে জীবনে। ভগবানকে মনপ্রাণ দিয়ে ডাকি।’ কী বলেন ভগবানকে? এক বাক্যে জানিয়েছিলেন, ‘সবই ওঁর জন্য।’
