৬ বছর ধরে অনুপস্থিত ২ চিকিৎসক

আপডেট : ২৪ মে ২০১৯, ১২:৪৪ এএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজপত্রে থাকলেও প্রায় ছয় বছর ধরে কাজে অনুপস্থিত দুই চিকিৎসক। ওই পদ দুটি খালি না থাকায় অন্য কোনো চিকিৎসককেও পদায়ন করা যাচ্ছে না। এ বিষয়ে একাধিকবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন বরাবর চিঠি দেওয়া হলেও ওই চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা যেমন নেওয়া হয়নি তেমনি পদ দুটিকে শূন্য ঘোষণাও করা হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কাজে যোগ দেন ৩১তম বিসিএস ব্যাচের ডা. শারমিন শহীদ। একই বছর এপ্রিল মাস পর্যন্ত তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন এবং এপ্রিল মাসের বেতন নেন। এরপর ৪ মে ২০১৩ থেকে এ পর্যন্ত তিনি আর মিরসরাইয়ে তার কর্মস্থলে আসেননি। কেন কর্মস্থলে আসছেন না সে বিষয়ে কাউকে কিছু অবহিতও করেননি। ডা. শারমিন শহীদ ছাড়াও প্রায় পাঁচ বছর ধরে কোনো ছুটি ছাড়াই কর্মস্থলে আসছেন না ডা. প্রিয়াংকা দাশ পিংকী নামে আরেক চিকিৎসক।

জানা গেছে, ২০১৪ সালের ৭ আগস্ট সহকারী সার্জন (ওএসডি) হিসেবে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন ডা. প্রিয়াংকা দাশ পিংকী। একই বছর ১ ডিসেম্বর থেকে ২০১৫ সালের ২৫ মে পর্যন্ত তিনি প্রথম মাতৃত্বকালীন ছুটিতে যান। কিন্তু ছুটি শেষে তিনি এখন পর্যন্ত আর কর্মস্থলে যোগ দেননি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের সময় জীবনবৃত্তান্তে ডা. প্রিয়াংকা দাশ পিংকীর দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। ডা. শারমিন শহীদের সঙ্গে যোগাযোগের কোনো নম্বর পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল আফছার জানান, পদগুলো শূন্য না করা পর্যন্ত ওখানে কাউকে নিয়ে আসাও সম্ভব নয়। অনুপস্থিত দুজনের মধ্যে একজন চাকরি ছেড়ে দেবেন বলে তিনি শুনেছেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী এ বিষয়ে জানান, দুই চিকিৎসককে শোকজের পর কোনো জবাব না পেয়ে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত