ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ছিনতাইকারীদের হামলায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর-বান্দুরা সড়কে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- উপজেলার নোয়াদ্দা গ্রামের মো. কালাম (৫২) ও জাহিদুল (৪৪)।
নবাবগঞ্জ থানার এসআই মো. রুহুল আমিন জানান, রাতে উপজেলার নয়নশ্রী গ্রাম থেকে মোটরসাইকেলে করে তারা বাড়ি ফিরছিলেন। পথে তিনজন ছিনতাইকারী তাদের গতিরোধ করলে জাহিদুল একজনকে হেলমেট দিয়ে আঘাত করেন। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কালামকে কুপিয়ে জখম করে। আরেকজনকে আঘাত করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা কালামকে মৃত ঘোষণা করেন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে জাহিদুলের মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
