ভাই-বোনকে অপহরণের সময় যুবক আটক, গণধোলাই

আপডেট : ২৪ মে ২০১৯, ০৯:৩৪ পিএম

সাভারে আপন দুই ভাই-বোনকে চেতনানাশক মলম লাগিয়ে কৌশলে অপহরণের সময় এক অপহরণকারীকে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে গণধোলাই দিয়ে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। আটককৃত অপহরণকারী গোলাপ (২৮) পটুয়াখালী জেলার মির্জাবন্দু থানার কলখালী গ্রামের রজব আলীর ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে সীমা আক্তার (৭) চয়ন (৩) নামে দুই ভাই-বোনকে চেতনানাশক মলম লাগিয়ে কৌশলে অপহরণ করে নিয়ে যাচ্ছিল আটককৃত গোলাপ। দুর্গাপুর দিয়ে যাওয়ার সময় শিশু দুটি কান্না শুরু করে। তাদের কান্না শুনে এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে অপহরণের বিষয়টি শিকার করে।

পরে স্থানীয়রা ওই দুই শিশুর পরিবারকে খবর দেয় এবং অপহরণকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

উদ্ধার হওয়া সীমা ও চয়ন আশুলিয়ার দুর্গাপুর এলাকায় শাহীন সরকারের বাড়ির ভাড়াটিয়া। তাদের বাবা সুমন স্থানীয় একটি সেলুনে এবং মা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার খায়েরহাট ইউনিয়নে বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, চেতনানাশক মলম লাগিয়ে অপহরণের সময় দুই শিশু দুটিকে উদ্ধার করা হয়েছে। এ সময় অভিযুক্তের কাছ থেকে বিভিন্ন প্রকার বেশ কয়েকটি মলম উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত