ডিজিটাল যুগে অপরিহার্য হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। যাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেইসবুক। কিন্তু সমস্যা হলো একটাই। ব্যবহারকারীরা যেসব তথ্য বা খবর এই সোশ্যাল সাইটে শেয়ার করে, তা অনেকাংশেই ভুয়া। এ ধরনের খবর সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে অনেক সময়। এমনটা যাতে না হয়, তার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে মার্ক জাকারবার্গের সংস্থা।
যতই দিন যাচ্ছে, ততই বাড়ছে ফেইসবুক ইউজারের সংখ্যা। আর প্রতিনিয়তই তারা কিছু না কিছু খবর ও তথ্য শেয়ার করে চলেছে নিজেদের ওয়ালে। কোনটি ঠিক আর কোনটি ভুল, তা একজনের পক্ষে নজর রাখা তো সম্ভব নয়। সে কারণেই উন্নত প্রযুক্তির মাধ্যমে সব পোস্টে চালানো হচ্ছে নজরদারি। ফেইসবুক যদি মনে করে, কোনো তথ্য বা খবরের সত্যতা নেই, সে ক্ষেত্রে সেই পোস্টটি নিজে থেকেই সরিয়ে দিচ্ছে সংস্থাটি। কোনো রাজনৈতিক দল নিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত মতামতের পোস্টকেও আলাদাভাবে খতিয়ে দেখছে ফেইসবুক। সতর্ক থাকতে হবে আপনাকেও। কোনো খবর পোস্ট করার আগে তার সূত্র ও সত্যতা অবশ্যই যাচাই করে নিন।
