কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে এক পথসভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলেছেন। ক্ষমতায় স্থায়ীভাবে থাকার জন্যই ৩০ ডিসেম্বর মধ্যরাতের নির্বাচন করে রাষ্ট্রক্ষমতা দখলে রেখেছেন। ক্ষমতা নিরাপদ করার জন্য তাদের ভয়াবহ দুঃশাসন নিয়ে কেউ যেন টুঁ শব্দ করতে না পারে সে কারণেই নির্দোষ খালেদা জিয়াকে বন্দি করে এখন বাকশালের গুণকীর্তন শুরু করছেন।
