দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতনের প্রতিবাদ এবং জামালপুরে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষা কর্মকর্তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। গতকাল শনিবার সকালে শহরের দয়াময়ীয় মোড়ে সম্মিলিত সামাজিক আন্দোলন ও শিশু কল্যাণ কমিটির যৌথ আয়োজনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জামালপুরে গৃহকর্মী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মেলান্দহ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মাজেদুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তারা দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে দেশের সব নারী নির্যাতনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্যসচিব জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় ও সংগঠনটির আহ্বায়ক আলী জহিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ও সমাজকর্মী উৎপল কান্তি ধর, রাজনীতিক শিক্ষাবিদ আমির উদ্দিন, উন্নয়ন সংঘের আঞ্চলিক ব্যবস্থাপক মিনারা পারভীন, উদীচী জামালপুর শাখার সহসভাপতি রনজিত বিশ্বাস, শিশু কল্যাণ কমিটির সদস্য আফরিন প্রমুখ।
উল্লেখ্য, বছরখানেক আগে মেলান্দহ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মাজেদুল ইসলামের বাড়িতে কাজ নেওয়া গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গত ১১ মে জামালপুর সদর থানায় মামলা করেন ওই গৃহকর্মী।
