গাছ থেকে আম চুরির অভিযোগে পটুয়াখালীর বাউফলে সাব্বির নামে (১৩) এক কিশোরকে অমানবিক নির্যাতন করা হয়েছে। গুরুতর আহত ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার বেলা ১টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকার বড় বাড়ি বায়তুন জামে মসজিদের পুকুর ঘাটে এ ঘটনা ঘটে। সাব্বির বাউফল পৌরসভার ৬নং ওয়ার্ডের আব্দুল মালেক মিয়ার পুত্র। এ ঘটনায় সাব্বিরের বাবা থানায় অভিযোগ করলে অভিযুক্ত সোহরাব হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ।
সাব্বিরের বাবা জানান, মসজিদের পুকুর ঘাটে প্রতিদিনের মতো গোসল করতে যায় সাব্বির। এ সময়ে ওই মসজিদের মোয়াজ্জিনের দায়িত্বে থাকা সোহরাব হোসেন মসজিদের গাছ থেকে আম চুরির অভিযোগ এনে শিশু সাব্বিরকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। একপর্যায়ে শিশু সাব্বিরের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
