গণফোরামের ইফতারে আ.লীগ নেতা ফারুক খান

আপডেট : ২৬ মে ২০১৯, ১১:২৯ পিএম

গণফোরামের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে অংশ নিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান। গতকাল রবিবার রাজধানীর কাকরাইলের ইশা খাঁ হোটেলে এই ইফতারের আয়োজন করা হয়।

ইফতারের আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে ফারুক খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ। তাই ইফতার পার্টিতে অংশ নিতে পারেননি। প্রধানমন্ত্রী আমাকে তার পক্ষ থেকে এবং আওয়ামী লীগের নেতাদের পক্ষে থেকে আপনাদের মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

একাদশ সংসদ নির্বাচনের আগে গত অক্টোবরে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে সরকারবিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর এই প্রথম তাদের কোনো অনুষ্ঠানে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রতিনিধি অংশ নিলেন।

অনুষ্ঠানের শেষে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ইফতারে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তবে তিনি কোনো রাজনৈতিক বক্তব্য রাখেননি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত